চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামী ৩ মে। চলবে ৬ মে পর্যন্ত। ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার, ৯ মার্চ সব সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, জেলা প্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবেরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন। এ জন্য পূর্বপ্রস্তুতি নিতেও বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর কার্য–অধিবেশন হতো ওসমানী স্মৃতি মিলনায়তনে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি হতে যাচ্ছে প্রথম জেলা প্রশাসক সম্মেলন।
পতাকানিউজ/আরবি

