চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বর্তমান ও সাবেক কর্মীরা প্রায় ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা করছেন। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে রয়েছে জাপানের সফটব্যাংক গ্রুপ, থ্রাইভ ক্যাপিটালসহ আরও কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠান।
এই চুক্তি সম্পন্ন হলে ওপেনএআইয়ের বাজারমূল্য দাঁড়াবে ৫০০ বিলিয়ন ডলারে, যা বর্তমানে ৩০০ বিলিয়ন ডলার। বিষয়টি প্রতিষ্ঠানটির দ্রুত ব্যবহারকারী ও আয় বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা কতটা তীব্র হয়ে উঠেছে, তা স্পষ্ট করছে।
বিনিয়োগকারী সফটব্যাংক, থ্রাইভ এবং ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা সবাই ওপেনএআইয়ের বিদ্যমান বিনিয়োগকারী। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, আলোচনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিক্রির আকার পরিবর্তনও হতে পারে।
ওপেনএআইয়ের ৪০০ কোটি ডলারের প্রাইমারি ফান্ডিং রাউন্ডে নেতৃত্ব দিয়েছিল সফটব্যাংক। এবার সেকেন্ডারি শেয়ার বিক্রির উদ্যোগে তাদের সম্পৃক্ততা আবারও বাড়তে চলেছে।
প্রতিষ্ঠানটির প্রধান পণ্য চ্যাটজিপিটির সাফল্যে ওপেনএআই দ্রুত রাজস্ব বাড়াচ্ছে। চলতি বছরের প্রথম সাত মাসেই দ্বিগুণ রাজস্ব অর্জন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের বার্ষিক আয়ের হার দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলার, যা বছরের শেষে ২০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে রয়টার্স।
মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এখন সাপ্তাহিক ৭০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ব্যবহার করছে। ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল প্রায় ৪০০ মিলিয়ন।
পতাকানিউজ/কেএস

