ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের একটি ব্যর্থ পরিকল্পনার তথ্য সামনে এনেছে দেশটির সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’। অভিযোগ, কারাগারে বসেই সংঘবদ্ধ একটি অপরাধী চক্র পরিচালনা করছিলেন ১৮ বছর বয়সী এক তরুণ। এমবাপ্পেসহ মোট ২৬ জনকে লক্ষ্যবস্তু বানিয়েছিল চক্রটি। তালিকায় ফুটবলার ছাড়াও ছিলেন র্যাপ সংগীতশিল্পী ও ধনী ব্যবসায়ীরা।
‘লা পারিসিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় ক্লেমেন্ত এল নামের ওই তরুণকে অভিযুক্ত করা হয়েছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের এই নাগরিক ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। সশস্ত্র ডাকাতি ও নারী পাচারের অভিযোগে তিনি আগে থেকেই কারাগারে বন্দী ছিলেন। তাঁর কারাবাসের সময়ই এমবাপ্পেসহ ২৬ জনকে অপহরণের পরিকল্পনার তথ্য তদন্তকারীদের সামনে আসে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, সেন্ট-ডেনিসের ভিলপাঁত কারাগারের প্রকোষ্ঠে বসে স্ন্যাপচ্যাটের মাধ্যমে চক্রের সদস্যদের নির্দেশনা দিতেন ক্লেমেন্ত এল। তাঁর কাছ থেকে জব্দ করা দুটি মুঠোফোন তল্লাশি করে একটি তালিকা উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে ফুটবলার, র্যাপ সংগীতশিল্পী ও ধনী ব্যবসায়ীদের ঠিকানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র ‘লা পারিসিয়ান’কে বলেন, কারারক্ষীরা ক্লেমেন্ত এলের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করেন। সেগুলোর খুদে বার্তা ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে এক র্যাপ সংগীতশিল্পী ও কিলিয়ান এমবাপ্পের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
বিচার বিভাগীয় একটি সূত্রও জানিয়েছে, ওই তালিকার শীর্ষ নামগুলোর একজন ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপ্পে। তালিকায় একজন র্যাপ সংগীতশিল্পী ছাড়াও অলংকার ব্যবসায়ী, তুর্কি মাংস ব্যবসায়ী এবং এক চীনা কোটিপতি ব্যবসায়ীর নাম ছিল বলে জানা গেছে।
ঘড়ির দোকানে ডাকাতির তদন্তে বেরিয়ে আসে তথ্য
গত বছর এপ্রিল মাসে ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকায় একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির ঘটনার সূত্র ধরে ক্লেমেন্ত এলকে শনাক্ত করা হয়। ওই ঘটনায় ঘড়ি নির্মাতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত দুজনের একজন ছিলেন তিনি। পরে সশস্ত্র ডাকাতির অভিযোগে তাঁকে আটক করা হয়।
পরবর্তী সময়ে তাঁর কাছ থেকে জব্দ করা মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এই অপরাধী চক্র এবং তাদের সম্ভাব্য পরিকল্পনার বিষয়ে বড় পরিসরে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্ত-সংশ্লিষ্টদের বরাত দিয়ে ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ক্লেমেন্ত এল নিজেকে চক্রটির মূল পরিকল্পনাকারী হিসেবে অস্বীকার করেছেন। একাকী কারাবাস থেকে তাঁকে সাধারণ সেলে স্থানান্তরের আবেদনও প্রত্যাখ্যান করেছে আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বর্তমান ব্যবস্থাতেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ক্লেমেন্ত এল ভোকেশনাল রান্নাবিষয়ক প্রশিক্ষণের প্রথম বর্ষের পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। তবে আবার পড়াশোনায় ফিরে শেফ হওয়ার ইচ্ছা রয়েছে বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি।

এমবাপ্পের দুর্দান্ত সময়
চলতি মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে তিন ম্যাচে চার গোল করেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। এর মধ্যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক।
ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২২ বিশ্বকাপের ফাইনালেও হ্যাটট্রিক করেছিলেন এই তারকা। সর্বশেষ বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি এবং ফ্রান্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তথ্যসূত্র : লা পারিসিয়ান
-পতাকানিউজ

