দেশে জ্বালানি তেলের সরবরাহে স্থিতিশীলতা ও বিপণনে শৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে দেশের বিভিন্ন জ্বালানি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্যের ওপর প্রভাব ফেলছে। ফলে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের চেষ্টা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি এই প্রেক্ষাপটে ডিপোগুলোর নিরাপত্তা, তেলের বিপণন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণকে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত হয়েছে।
মোতায়েন কার্যক্রম বিজিবি সদর দফতরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী এলাকায় দায়িত্ব পালন সুবিধার্থে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গত ২৫ মার্চ থেকে ১টি ঢাকার ডিপো, ২টি কুড়িগ্রাম, ৩টি রংপুর, ৩টি রাজশাহী, ২টি সিলেট, ৩টি মৌলভীবাজার, ৩টি কুমিল্লা, ১টি ব্রাহ্মণবাড়িয়া এবং ১টি সুনামগঞ্জের ডিপোতে মোট ১৯টি ডিপোতে মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে।
মোতায়েন সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছেন। অবৈধ তেল মজুত ও বিক্রয় প্রতিরোধ, নাশকতা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে। এছাড়া ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।
সীমান্তে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও যানবাহনে নিয়মিত তল্লাশি পরিচালনা করা হচ্ছে, যাতে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচাররোধ করা যায়। বিজিবি ডিপো এলাকায় দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি জনমনে আস্থা বৃদ্ধি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারের চাপ এবং অভ্যন্তরীণ অবৈধ মজুত প্রতিরোধে মাঠপর্যায়ের এই মোতায়েন জরুরি। দেশের জ্বালানি ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে ও অপ্রত্যাশিত সংকট এড়াতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
-পতাকানিউজ

