জ্বালানি সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিরোধী দলের লং মার্চ কর্মসূচিকে অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।
লং মার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, লং মার্চ কর্মসূচি দেওয়ার কিছু নেই। এ ক্ষেত্রে বিরোধী দলে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তাদের রাজনীতিতে ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এ কারণে তারা লং মার্চের কর্মসূচি নিয়েছে। এর কোনো যৌক্তিকতা নেই এবং এটি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপি সরকার, তা তো নয়। এই সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে, যুদ্ধের কারণে, আমেরিকা-ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে।
তিনি বলেন, সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটা স্থিতিশীল হয়েছে।

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না— এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সেটা আপনারাই জানেন যে একের পর এক কী পদক্ষেপ সরকার নিয়েছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর এবং এর আগে চীন সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই সফরেই দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন, ‘এখন যে পরিস্থিতি, এর চেয়ে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।’

