ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৪ কৃষক। আজ শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উপজেলার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস খড়িবাড়িয়া মাঠে জমিতে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। দুপুরে হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। তাদের সঙ্গে আরো দুজন আহত হন।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
খড়িবাড়িয়া গ্রামের বিষ্ণু কুমার জানান, বজ্রপাতে তারা আহত হওয়ার পর চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি শাকিল আহমেদ জানান, বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের ২ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে বলে শুনেছি। হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. এহতেশাম শহীদ জানান বজ্রপাতে হতাহতদের শরীর ঝলসে গেছে।
-পতাকানিউজ/এআর

