চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব-৭। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নগরীর কদমতলী এলাকায় ‘ওয়ানপ্লাস’ নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বাজারজাত করছিল।

