ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউজে পৌঁছে যুক্তরাষ্ট্রের কাছে দূর-পল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি বর্তমানে ইউক্রেনকে নতুন অস্ত্র সরবরাহের পরিবর্তে যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতা ও শান্তিচুক্তির দিকে বেশি আগ্রহী।
দুই ঘণ্টার আনুষ্ঠানিক বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাসরি বলেছি এখনই যুদ্ধ থামান, ফ্রন্টলাইনে থেমে যান, সবাই ঘরে ফিরুক, হত্যাযজ্ঞ বন্ধ হোক।’
তিনি আরও জানান যে শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কিয়েভ ও মস্কোকে যুদ্ধ থামাতে ও বর্তমান অবস্থানে স্থির থাকতে আহ্বান জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের একদিন পরই এই বৈঠক অনুষ্ঠিত হলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের টমাহক পাওয়ার সম্ভাবনাই রাশিয়াকে ভীত করেছে, কারণ এটি শক্তিশালী অস্ত্র। ওয়াশিংটন ছাড়ার আগে তিনি বলেন, আমি আশাবাদী নই, আমি বাস্তববাদী।
জেলেনস্কির বিশ্বাস, টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করলে পুতিনের যুদ্ধ অর্থনীতি দুর্বল হবে।
সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প টমাহক বিক্রির বিষয়ে কিছুটা নমনীয়তা দেখিয়েছিলেন। তবে পুতিন সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক আরও সংকটের মুখে পড়বে।
পতাকানিউজ/টিআইএ

