ভারতের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। অভিনেত্রী লাস ভেগাসে অবসর কাটাতে গিয়ে চুপিসারে বিয়ে করে চমকে দিয়েছেন তার ভক্তদের। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তনুশ্রীর বরের নাম সুজিত বসু। তিনি বাঙালি এবং পেশায় টেকনোলজিস্ট। দীর্ঘ ২৮ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন তিনি।
তনুশ্রীর কাছেও বিয়েটা একটা সারপ্রাইজ বললেও চলে। তিনি লাস ভেগাসে গিয়েছিলেন সুজিতের সাথে ছুটি কাটাতে। অন্যদিকে সুজিত আগে থেকেই বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন। এরপর বাবা-মাকে ভিডিও কলে রেখে বিয়েটাও সেরে নিলেন সুজিত ও তনুশ্রী।
অভিনেত্রীর নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে দেখা যায়, তনুশ্রী বিয়েতে সাদা রঙের একটি গাউন পরেছিলেন। হাত রাঙা ছিলো মেহেদিতে, গায়ে ছিল হীরের গয়না। অন্যদিকে বর সুজিত সেজেছিলেন সাহেবি সাজে। সুজিত তার নায়িকা বউকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একটি হীরের আংটি দিয়ে। বরের জন্য এদিকে ফ্লোরিডাতে ট্রিপ প্ল্যান করছেন তনুশ্রী।
বিয়ে প্রসঙ্গে এই সুন্দরী বলেন, পাঁচ মাসের মধ্যেই তারা একে-অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন। তিনি ভেবেছিলেন, দেশে ফিরে বিয়ে করবেন। তবে ওখানেই বিয়ে করে নিবেন এই ব্যাপারে অভিনেত্রী নিজেই অবগত ছিলেন না। তনুশ্রী আরও বলেন, সুজিত তার কাজকে খুব সম্মান করে, যা তার স্বামীকে ভালোলাগার অন্যতম জায়গা।
অভিনেত্রী জানান, আপাতত দুই দেশেই থাকবেন তিনি। কিন্তু অভিনয় ছাড়ছেন না। বরং কাজ অনুযায়ী সুবিধামতো দুই দেশেই থাকবেন তিনি। তনুশ্রীর ভক্তরা অপেক্ষা করছেন ভারতে ফেরার পর কবে তারা রিসেপশন আয়োজন করবেন।
এছাড়া অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত রয়েছেন তিনি। বিজেপির হয়ে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। যদিও ওই নির্বাচনে হেরে যান তিনি। এরপর থেকে তাকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি। সম্প্রতি তার নতুন ছবি ‘ডিপ ফ্রিজ’ মুক্তি পেয়েছে। যদিও ওই সিনেমার প্রদর্শনীতে তাকে কলকাতায় দেখা যায়নি। তার অনুপস্থিতির কারণ যদিও এখন সবার কাছেই অনেকটা স্পষ্ট।
এই অভিনেত্রী একসময় টলিপাড়ার আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষের সাথে সম্পর্কে ছিলেন। তবে শেষমেষ তাদের সম্পর্ক আর পরিণতি পায়নি।
পতাকানিউজ/কেএ

