বগুড়ায় অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার, ২১ ফেব্রুয়ারি দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বগুড়া জেলা পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানার একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ ছিল। এর আগে রুবেল প্রামানিক নামের একজন গত ৩০ আগস্ট মামলাটি করেন ।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টায় শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ, শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ আরও ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে রুবেলকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করে এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।
পতাকানিউজ/পিএম/আরবি

