টাঙ্গাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক-যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার, ৩ নভেম্বর মধ্য রাতে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
পুলিশ জানায়, মধ্যরাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই কামরুল হাসান বলেন, ‘নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।’
পতাকানিউজ/এএইচ

