টানা বর্ষণে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের কালভার্টটি হঠাৎ ধসে পড়েছে। তবে এসময় হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার, ২২ জুন সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে। এতে উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষের সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে ২০০১ সালে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও পানি নিষ্কাশন উন্নয়নে ১৫ মিটার দৈর্ঘ্য কালভার্ট নির্মাণ করা হয়। অপরিকল্পিত ও নিম্নমানের কাজ করার কারণে কালভার্টটি বেশিদিন টেকসই হয়নি। কালভার্টটি নির্মাণ কাজ শেষ করার পর থেকেই অনেকটাই নড়বড়ে হয়ে পড়ে। নিম্নমানের কাজের স্বাক্ষী হিসেবে দূর্ঘটনার ঝুঁকি নিয়ে কালভার্টটি দাঁড়িয়ে ছিল।
এ অবস্থায় কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। ওই পানি নিস্কাশনের সময় প্রবল স্রোতে ও পানির চাপে কালভার্টের এক পাশের মাটি সরে গিয়ে কালভার্টটি ধসে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে বিকল্প পথে অতিরিক্ত সময় ব্যয় করে যাতায়াত করতে হচ্ছে।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় পদেক্ষপ নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য নতুন একটি কালভার্ট নির্মাণের প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তীতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সেখানে একটি টেকসই সেতু নির্মাণ করা হবে।
পতাকানিউজ/পিএম/আরবি

