ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই সাফল্যে প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই অভিনন্দনের কথা জানানো হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়। ১০ আসনের মধ্যে নবম স্থান অর্জন করেছে দেশটি। এ পদে থেকে আগামী চার বছর কাউন্সিলের কার্যক্রমে অংশ নেবে বাংলাদেশ।
এর আগের মেয়াদে বাংলাদেশ কেবল একটি সরাসরি বৈঠকে অংশ নিয়েছিল। ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত সেই সভা ছাড়া বাকি কার্যক্রমে যুক্ত ছিল ভার্চুয়ালি। ফলে সক্রিয় অবদান রাখার সুযোগ কমে গিয়েছিল এবং পুনর্নির্বাচন নিয়ে শঙ্কাও তৈরি হয়েছিল।
কূটনৈতিকভাবে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে এবার বাংলাদেশ সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ নির্বাচনী ফলাফলকে ‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন।
পতাকানিউজ/এনটি

