ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে। আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে এ ছুটি।
সরকারি সিদ্ধান্ত মতে, নির্বাচনের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন ১৫ ফেব্রুয়ারি, রবিবার শিবরাত্রি ব্রত পূজা উপলক্ষে বন্ধ থাকবে। সবমিলিয়ে ৫ দিন বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
এদিকে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি ও ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করে ২৫ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হলো।
পতাকানিউজ/আরবি

