জয়পুরহাটের কালাইয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার আব্দুল মতিন গোপনে টিসিবির মালামাল ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকেসহ তিন জনের বিরুদ্ধে কালাই থানায় মামলা হয়েছে।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল বাদী মামলাটি করেন।
টিসিবির পণ্য পাচারের সময় জনতার হাতে আটক বেলাল হোসেন ও রতন মিয়া নামে দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে এখনো টিসিবি ডিলার আব্দুল মতিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি রফিকুল ইসলাম।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ভ্যানযোগে ১২ বস্তা টিসিবির পণ্য নিয়ে যাওয়ার সময় উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে লোকজন ভ্যানসহ বেলাল ও রতনকে আটক করে। এর মধ্যে বেলাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের একজন ব্যবসায়ী আর রতন মিয়া ভ্যানচালক।
আটকরা জানান, টিসিবি ডিলার আব্দুল মতিন পণ্য বিতরণ শেষে চাল, ডাল, ছোলা ও তেল বেলালের কাছে বিক্রি করেন। তারা ১২টি প্লাস্টিকের বস্তায় টিসিবির মালামাল নিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টায় মোসলেমগঞ্জ বাজারে পৌঁছার পর স্থানীয় লোকজন তাদের আটক করে। বিষয়টি কালাইয়ের ইউএনওকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ী বেলাল ও ভ্যানচালক রতনকে আটক এবং টিসিবির মালামালগুলো জব্দ করে।
মামলার বাদী উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল বলেন, ‘টিসিবির ১০০ কেজি চিনি, ১০০ কেজি মসুর ডাল,১০০ কেজি ছোলা, ৫৩ কেজি চাল ও ৯৭ বোতল সয়াবিন তেল পাওয়া গেছে। টিসিবির ডিলার আব্দুল মতিন বাইরে মালামালগুলো বিক্রি করেছিলেন।
এদিকে টিসিবি ডিলার আব্দুল মতিনের মুঠোফোনের যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘টিসিবির পণ্যগুলো গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারের ব্যবসায়ী বেলালের কাছে বিক্রি করেন ডিলার আব্দুল মতিন। সেগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুজনকে আটকে করে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পতাকানিউজ/এসি/আরবি

