২০২৬ সালের আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হয়। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১২টি দল, যা নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে গ্রুপপর্ব অনুষ্ঠিত হবে, যেখানে শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ।
গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান শক্তিধর দল অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
এবারের টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে আটটি দল। বাকি চারটি দল নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে জায়গা করে নেয়। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। একই পথ পেরিয়ে মূল পর্বে ওঠে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
সূচি অনুযায়ী, আয়োজক ইংল্যান্ড ১২ জুন উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টুর্নামেন্টের পর্দা তুলবে। ১২ জুন শুরু হওয়া এই বিশ্বকাপ চলবে ৫ জুলাই পর্যন্ত। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
এদিকে, নেদারল্যান্ডস প্রথমবারের মতো আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে, যা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র : এনডিটিভি
– পতাকানিউজ

