টেকনাফের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের মাছ শিকারের সময় দুটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর সকালে ও দুপুরের দিকে পৃথকভাবে মিয়ানমারের মংডু সংলগ্ন সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) ও শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)। বাকি ৭ জনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন। এসময় আরাকান আর্মির সদস্যরা এসে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৬ জেলেকে আটক করে নিয়ে যান। মংডু টাউনশিপের মিয়ানমারের হ্লুট ক্রিকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩ কিলোমিটার দূর থেকে তাদের আটক করা হয়।
গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নিউজের বরাতে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি একটি নৌকা থেকে ৬ জেলেকে আটক করে আরাকান আর্মি। এসময় তাদের কাছ থেকে ১৫টি নাইলনের জাল, একটি জিপিএস ফোন, ৫০০ বাংলাদেশি টাকা এবং ৩৫ কেজি মাছ জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জেলেদের হস্তান্তর করা হয়েছে। নৌকায় থাকা মাছ ও জালও জব্দ করেন তারা। পরে বেলা ১২টায় মাছ ধরে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৭ জেলেকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে বিজিবি ও কোস্টগার্ডর সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা খতিয়ে দেখছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর সকাল ৮টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
পতাকানিউজ/এমজেসি/আরবি

