কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে ‘বাংলাদেশ অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার, ১২ জানুয়ারি সকাল ১০টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত আবু হানিফ (২২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে। তিনি পেশায় মৎস্যজীবি।
আহতের বাবা ফজল করিম বলেন, ‘আজ সকালে সীমান্তের নাফ নদীতে বাংলাদেশ অংশে জেগে উঠা শাহজাহানের দ্বীপে আমার ছেলে আবু হানিফ জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে নদীতে নামলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আবু হানিফ গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পাও আঘাতপ্রাপ্ত হয়েছে। আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে ধারণা তার।’
তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেন, ‘খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। ঘটনার বিষয়ে বিস্তারিত খবর নেয়া হচ্ছে।
এদিকে আহত আবু হানিফ সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। পরে স্থানীয়রা বিক্ষোভ করে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে আসে। আধা ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
পতাকানিউজ/এনএ/আরবি

