কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় রামদা উদ্ধার করেছে এসআরবি-১৫। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আঠারো ঘরপাড়া এলাকার সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টেকনাফের নাইখংখালী এলাকার আবছার উদ্দীন এবং মৌলভীবাজার এলাকার আদিল।
এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তপথ ব্যবহার করে বড় বড় মাদকের চালান দেশে নিয়ে আসছিল চক্রটি।

তিনি আরও জানান, গত ৬ অক্টোবর থেকে পরিচালিত ৫৫টি অভিযানে এ পর্যন্ত ১৬ লাখ ৪০ হাজারের বেশি পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ৮৪ জনকে গ্রেপ্তারের পাশাপাশি সাতজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে এসআরবি-১৫।
উদ্ধার করা ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পতাকানিউজ/এমজেসি

