শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতু এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি দুপুরে শেরপুর-জামালপুর সড়কের ব্রিজের দক্ষিণ পাশে পুলিশের স্থাপিত চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টায় শেরপুর-জামালপুর সড়কের দক্ষিণ পাশে ব্রহ্মপুত্র সেতু এলাকায় স্থাপিত চেকপোস্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এসময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। এতে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা আরেক শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সড়ক অবরোধ করে রাখে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থল জামালপুর সদর থানার অধীন। ওই থানা-পুলিশ আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
পতাকানিউজ/ডিএসআর/আরবি

