বগুড়ার শাজাহানপুরে ড্যান্সিং প্যাটার্নে মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে অজ্ঞাতনামা (২২) এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর অজ্ঞাতনামা (২২) এক আরোহী।
রবিবার, ২১ ডিসেম্বর দুপুর দেড়টায় দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বি-ব্লক নামক স্থানে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৯৩৭) ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১টায় ড্যান্সিং প্যাটার্নে মোটরসাইকেল চালিয়ে বেপরোয়াভাবে একইদিকে যাচ্ছিলেন দুই যুবক। বি-ব্লক এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলটি ট্রাকের পিছনের চাকার নিচে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে আগুন ধরে ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলসহ একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পতাকানিউজ/পিএম/আরবি

