কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার, ২১ ফেব্রুয়ারি দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল, আর সিলিন্ডারবাহী ট্রাকটি খুলনার দিক থেকে আসছিল। সিএনজি তার সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গেলে এ সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী বলেন, ‘সংঘর্ষে নিহত পাঁচ জনের মধ্যে সিএনজির চার জন যাত্রী এবং একজন চালক। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।’
হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনার বলেন, ‘ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
পতাকানিউজ/আরবি

