ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার, ২৭ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচলে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/আরবি

