বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার, ২৮ জানুয়ারি বেলা ১২টায় দিকে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের নামুইট–সিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে নেহাল (১৭) এবং নাটোরের বাগাতিপাড়া আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী এবং চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নেহালের পরিবারের বাড়ি নাটোরে হলেও ছোটবেলা থেকেই তিনি নন্দীগ্রামে নানার বাড়িতে বসবাস করে পড়াশোনা করছিলেন। আগামী ২৯ জানুয়ারি তাদের বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই প্রস্তুতির কাজ শেষ করে মোটরসাইকেলে করে দুজন বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে নামুইট–সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কালিগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে এ দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অকালেই ঝরে যাওয়া দুই তরুণের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে চলছে শোক আর কান্না।
নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পতাকানিউজ/টিএম/আরবি

