ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেলে শুধুমাত্র রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ব্যবহার করবে। ক্রেমলিনের পক্ষ থেকে ওয়াশিংটনের সম্ভাব্য অস্ত্র সরবরাহ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশের পর এমন মন্তব্য করেন জেলেনস্কি।
মস্কো সতর্ক করেছে, কিয়েভকে মার্কিন-নির্মিত এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।
জেলেনস্কির মন্তব্য রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্স নিউজে সম্প্রচারিত হয়েছিল, যেদিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জেলেনস্কি লেখেন ট্রাম্পের সাথে তার সর্বশেষ কথোপকথন ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে।তিনি আরও উল্লেখ করেন তার দেশের ‘বিমান প্রতিরক্ষা, স্থিতিশীলতা এবং দূরপাল্লার সক্ষমতা’ শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার, ট্রাম্প বলেন তিনি ইউক্রেনের কাছে আগে জানতে চান টমাহক ক্ষেপণাস্ত্র কোথায় ব্যবহার করবেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তার ‘একপ্রকার সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে’।
টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ দেবে। প্রায় ২৫০০ কিলোমিটার (১৫৫০ মাইল) পাল্লার দুরত্ব অতিক্রম করতে সক্ষম টমাহক।
রবিবার ইসরায়েলগামী বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইউক্রেন টমাহাক চায়, এটি একধরনের উন্নত অস্ত্র। রাশিয়ার এটি প্রয়োজন নেই। আমি হয়তো পুতিনকে বলব, যদি যুদ্ধ বন্ধ না হয়, তাহলে ইউক্রেনকে আমরা টমাহক দিতে পারি।’
বিষয়টি রাশিয়ার জন্য ‘চরম উদ্বেগজনক’ রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিছু সংস্করণের টমাহক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রুশ হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘যেভাবে গাজার যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে আশার আলো দেখিয়েছে, ইউক্রেনের যুদ্ধেরও অবসান ঘটানো দরকার।’
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনে তিন হাজার ১০০ ড্রোন, ৯২টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় এক হাজার ৩৬০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে।
জেলেনস্কি ফেসবুক পোস্টে জানান, তিনি ম্যাক্রোঁর কাছে ইউক্রেনকে আরও ক্ষেপণাস্ত্র ও বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ রাশিয়া নতুন করে আক্রমণ বাড়াচ্ছে।
পতাকানিউজ/টিআইএ

