ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিন সময় দিয়েছেন তিনি। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ইরানকে এ সময়সীমা বেঁধে দেন ট্রাম্প।
তিনি বলেছেন, তেহরানের হাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রায় ১০ থেকে ১৫ দিন সময় আছে, নইলে সামরিক হামলার ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এক চিঠিতে এ সতর্কবার্তা দেন। চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে।
চিঠিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, ইরান চুক্তিতে না এলে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার করে পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তাবাহিনীর অবকাঠামোকে। এর মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে ব্যাপক আকারে হামলা হবে। আর এ হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানো।
পতাকানিউজ/আরবি

