বগুড়ায় মহাসড়কে ফিল্মি কায়দায় পুলিশ ও ডাকাতদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়ে । ডিবি পুলিশের সহায়তায় তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
বৃহস্পতিবার, ১ জানুয়ারি দুপুরে বগুড়া সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
আটকরা হলেন- কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতুলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোসাদ্দের আলী ওরফে মোহন (৩০) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার রামদেবপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে ইউনুস আলী (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বগুড়া সদর এলাকার বারোপুর ফ্লাইওভার থেকে মাটিডালী বিমান মোড় পর্যন্ত তাণ্ডব চালায়। তারা ওই এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউসে প্রবেশ করে কর্মীদের হাত-পা বেঁধে জিম্মি করে। পরে সেখান থেকে নগদ ৪৩ হাজার ৩৮২ টাকা, একটি লাইসেন্স করা শটগান ও ১০ রাউন্ড কার্তুজ লুট করে পালিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে টহল পুলিশ ডাকাতদের ধাওয়া করে। কুয়াশার কারণে একবার ডাকাতরা আড়ালে চলে গেলেও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশ ট্রাকটি পুনরায় শনাক্ত করে। পুলিশ পিছু নিলে ডাকাতরা মহাস্থানগড়ের দিকে পালাতে থাকে। এসময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। একপর্যায়ে পুণ্ড্র ইউনিভার্সিটি এলাকায় ডাকাতরা ট্রাক ঘুরিয়ে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। ধাওয়ার মুখে ডাকাতরা ট্রাক ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে পুলিশ লুট হওয়া শটগান, ৪টি গুলি, ৪টি হাসুয়া, ১টি চাকু, গ্যাস সিলিন্ডার ও কাটার সরঞ্জাম (অক্সিজেন ও গ্যাসসহ), লোহার পাইপ, ৫টি রশি এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করে।
তিনি আরও জানান, এ চক্রটি একটি আন্তঃজেলা ডাকাত দল। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

