বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার, ৯ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনায়েদ এ আদেশ দেন।
আজ মিরপুর থানায় করা জুলাই যোদ্ধা দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
অপরদিকে পল্টন থানায় করা মকবুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন। আদালত আবেদন মঞ্জুর করেন। পরে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান এবং কার্যালয়ে ভাঙচুর করেন। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালান। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
এর আগে গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক এ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
মিরপুর থানায় করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ৩১ মার্চ আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুদফায় ১১ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। গত ৬ এপ্রিল আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পতাকানিউজ/এএ/আরবি

