রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), শেরেবাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আফজাল খান সুমন (৪২) এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।
ডিবি সূত্রে জানা গেছে, শনিবার, ১৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালেককে গ্রেপ্তার করা হয়। একই দিনে বিকেল পাঁচটার দিকে কদমতলীর মেরাজনগর এলাকা থেকে জামাল উদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।
সন্ধ্যা ছয়টার দিকে শেরেবাংলানগরের পূর্ব রাজাবাজার এলাকা থেকে আফজাল খান সুমনকে এবং রাত নয়টার দিকে ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেপ্তার করে ডিবির পৃথক দল।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পতাকানিউজ/এআই

