ডিবি পরিচয়ে তুলে নেয়ার ২দিন পর আদালতে হাজির করা হয়েছে রাউজানের সাবেক ছাত্রদল নেতা নুর উদ্দিন জুয়েল চৌধুরীকে। রবিবার, ১৯ অক্টোবর রাউজান থানা পুলিশ তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া। জুয়েল রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি।
শুক্রবার সকালে ডিবি অফিসের পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা জুয়েল চৌধুরীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে জুয়েল চৌধুরী নিখোঁজ থাকার দাবি করে আসছিল তার স্ত্রী ফিরোজা চৌধুরী।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, চেক প্রতারণা তথা এনআই এক্ট মামলার ওয়ারেন্টের ভিত্তিতে জুয়েলকে গ্রেপ্তার করা হল। তবে গত ২৯ জুলাই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জুয়েল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদস্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। গ্রেপ্তার নুর উদ্দিন জুয়েল চৌধুরী রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বক্স এলাহি চৌধুরী বাড়ির মৃত মুছা প্রকাশ ইছা চৌধুরীর ছেলে।
ওসি বলেন, ‘চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার রাউজান থানার এসআই আবদুর রশিদসহ সিএমপি ডিবি ও এলআইসির সহযোগিতায় রাউজান থানার মূলতবি সাজা গ্রেপ্তারি পরোয়ানা সিআর মামলায় (এনআই এক্ট) সিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ের এলাআইসি শাখা থেকে নিয়ে জেলা গোয়েন্দা শাখা রাখার পর ২৯ জুলাইয়ের মামলায় গ্রেপ্তার করা হয়। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
পতাকানিউজ/এএইচ/কেএস

