ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন।
তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি পুলিশ নিয়ে এসেছে। তার সঙ্গে কথা বলা হচ্ছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তবে কী কারণে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

