আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে প্রস্তুতির চূড়ান্ত ধাপে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা সম্ভব হবে।
আজ শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ, জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করবো।’
তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার প্রথমবারের মতো অতিরিক্ত গণভোট পরিচালনার দায়িত্বও কমিশনের ওপর থাকায় সময় ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
নাসির উদ্দিন আরও জানান, গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট প্রদান হবে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিক ব্যালটে। আইন অনুযায়ী এসব প্রশ্ন একই প্যাকেজে একত্রিত করা হয়েছে এবং আলাদা অপশন রাখা হয়নি—যা সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গণভোট ও নির্বাচন ঘিরে জনসচেতনতা বাড়ানোর দায়িত্ব এখন থেকে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় পালন করবে বলেও তিনি জানান।
পতাকানিউজ/এনটি

