রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস হঠাৎ উল্টে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় আরও ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজন নারীর মরদেহ উদ্ধার করা হলো। এছাড়া ১১ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। ওই বাসে প্রায় ৪৫ জনের মত যাত্রী ছিল। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার, ২৫ মার্চ রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক বার্তায় আরও দুই নারীর মরদেহ উদ্ধারের তথ্য জানায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে আজ রাত ১২টায় বাসটির নদীর ওপরে তুলে আনা হয়। এরপর সেখান থেকে একে একে বের করা মরদেহ।
ফায়ার সার্ভিসের ফরিদপুর স্টেশনের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, ‘বাসটি নদীর ৭০ থেকে ৮০ ফুট গভীরে তলিয়ে গিয়েছিল। হামজার মাধ্যমে বাসটিকে তুলে আনা হয়েছে।’
এর আগে রাত সাড়ে ৮টায় রাজবাড়ী জেলা সিভিল সার্জন এস এম মাসুদ ২ নারীর মরদেহ উদ্ধারের তথ্য জানান। তারা হলেন— রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬০) ও রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পাংশা জোনাল অফিসের কর্মকর্তা মর্জিনা বেগম (৫৬)। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ দুটি রাখা হয়েছে।
এদিকে সেখানে ব্যাপক ঝড় আর বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজ ও ফেরি চলাচল ব্যাহত হয়।
বুধবার, ২৫ মার্চ বিকেল সোয়া ৫টায় ৩ নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নদীতে পড়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে- বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে ছিল। ফেরিটি পন্টুনে যুক্ত ছিল। ফেরিতে যাত্রী ও যানবাহন ছিল। চলন্ত বাসটি মুহূর্তের মধ্যে পন্টুন থেকে নদীতে পড়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। সেসসময় দুজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযানে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসে প্রায় ৪৫ জনের মতো যাত্রী ছিলেন। পল্টুন থেকে ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়।
পতাকানিউজ/আরবি

