এশিয়া কাপের ডু অর ডাই ম্যাচে দুর্দান্ত শুরুর পরও বড়ো স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৬৩ রান তুলেও ইনিংস শেষ করতে হয়েছে মাত্র ১৫৪ রানে। ১৮০ রানের সম্ভাবনাকে বাস্তবায়ন করতে দেয়নি জাকের আলীর ‘সময়ক্ষেপন’। নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংটাই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস। অধিনায়কের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করেছেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। বিশেষ করে তামিম দারুণ ব্যাটিং করেছেন। এই তরুণ ওপেনার পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় বইয়ে দেন।
এক প্রান্তে তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও আরেক প্রান্তে রান তুলতে বেশ ভুগেছেন সাইফ। শুরুতে বেশ কিছু ডট খেলেছেন তিনি। শুন্য রানে একবার ‘জীবনও’ ফিরে পান। তবে তামিম আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করায় রানের চাকা সচল ছিল। সাইফ অবশ্য সেটা পুষিয়ে দিতে পারেননি। পাওয়ার প্লে শেষেই ফিরেছেন তিনি। সাজঘরে ফেরার আগে ২৮ বলে করেছেন ৩০ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন লিটন, তবে নূর আহমেদের করা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন। ১১ বলে ৯ রান করেছেন তিনি।
লিটন ফিরলেও এক প্রান্তে দারুণ ব্যাটিং করছেন তামিম। ব্যক্তিগত ফিফটি তুলে (৩১ বলে ৫২) আউট হন তিনি। ২৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এরপর তাওহিদ হৃদয় ২০ বলে ২৬ রান করে আউট হয়ে গেলে বাকি ব্যাটসম্যানরা স্কোর বড় করতে পারেননি। বড় শট খেলতে গিয়ে ডট বল দিয়েছেন বেশি। শামিম ১১ বলে ১১ ও জাকের আলী ১৩ বলে ১২ রান সংগ্রহ করেন মাত্র। শেষ দিকে ৬ বলে ১২ রান তুলে দলের স্কোর ১৫০ পার করতে ভূমিকা রাখেন নুরুল হাসান সোহান।
এ ম্যাচে হারলে এবারের এশিয়া কাপ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। জিতলেও এ গ্রুপের পরের ম্যাচ আফগানিস্তান-শ্রীলংকার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে লিটন দাসদের।
পতাকানিউজ/কেএস

