দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯০ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাইরে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রামে (৮৮ জন)। বরিশালে ভর্তি হয়েছেন ৫৮ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৭৪ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনে মোট ১৮৩ জন। খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।
গত এক দিনে সারা দেশে ৬৪০ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৮৩৬ জন।
এ বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৯৬ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯১ জনের।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে দেশে রেকর্ড ১ হাজার ৭০৫ জন ডেঙ্গুতে মারা যান।
পতাকানিউজ/এআই

