ঢাকার উত্তরা অংশে মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। পরে ড্রোনটি সরিয়ে নেয়ার পর স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।
শনিবার, ২২ নভেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
ডিএমটিসিএলের পোস্টে বলা হয়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি রুটে মেট্রোরেলের ট্র্যাকের ওপর ড্রোনটি পড়ে। বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ তা অপসারণ করে। এ কারণে ট্রেন চলাচলে স্বল্প সময়ের জন্য ব্যাঘাত ঘটে। এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এ ঘটনার আগের দিন শুক্রবার রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি অংশে মেট্রোরেল লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে পুলিশ বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো অপসারণ করে।
এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী জানান, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাকের অংশে স্কচটেপ পেঁচানো জর্দার কৌটার ভেতরে ককটেল দুটি রাখা ছিল। রক্ষণাবেক্ষণকর্মীরা প্রথমে সেগুলো দেখতে পান। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল অপসারণ করে। এতে ট্র্যাকের কোনো ক্ষতি হয়নি।
পতাকানিউজ/এআই

