রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ অভিযানে অংশ গ্রহণ করে ডিবির আটটি বিভাগ— রমনা, মিরপুর, সাইবার, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি তানজিম ইব্রাহিম, আওয়ামী লীগের নেতা সাজ্জাতুল ইসলাম তুষার, যুবলীগ নেতা আদম আলী, স্বেচ্ছাসেবক লীগের নেতা শাকিল আহমেদ জুয়েল ও কৃষক লীগ নেতা নাজমুল হাসান মনির চৌধুরীসহ আরও অনেকে।
ডিবি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে আকস্মিক ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে এরা সক্রিয় ভূমিকা রাখছিলেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে পৃথক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও অর্থায়নের বিষয় স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।
গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, জননিরাপত্তা বিঘ্ন ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
পতাকানিউজ/এআই

