বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলি আজমতকে নিয়ে আয়োজিত যৌথ কনসার্ট ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না।
আজ শুক্রবার, ১৪ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সকালেই জানায়, পুলিশ তাদের অনুষ্ঠানের অনুমতি দেয়নি। ফেসবুকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে আজকের তারিখের কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে তারা দ্রুত নতুন তারিখ এবং ভেন্যু ঠিক করে পুনরায় আয়োজনের চেষ্টা করছে। ক্রেতারা চাইলে নতুন তারিখে আগের টিকিট ব্যবহার করতে পারবেন অথবা টাকা ফেরত নিতে পারবেন।
স্পনসর, স্টল মালিকসহ সংশ্লিষ্ট সবার ধৈর্য ও সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিগগিরই কনসার্টের নতুন সময় ও স্থানের ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, জেমস ও আলি আজমতের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীও পারফর্ম করার কথা ছিল। আপাতত পুরো আয়োজনের প্রস্তুতি স্থগিত রয়েছে।
পতাকানিউজ/এনএফএম

