রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকা জেলার সাভার উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা সোহানুর রহমান সোহান (২১), ভাটারা থানা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলাম (৩৮), কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন (২৮) এবং কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আতিকুর রহমান (৫০)।
ডিবি সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে উত্তরা বিভাগের একটি টিম সাভারের আলমনগর এলাকায় অভিযান চালিয়ে সোহানুর রহমান সোহানকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ভাটারা থানার সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করে গুলশান বিভাগ।
অন্যদিকে বিকেল ৩টা ৪০ মিনিটে লালবাগ বিভাগ বংশাল এলাকা থেকে রুহুল আমিনকে এবং দুপুর ২টা ২০ মিনিটে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওয়ারী বিভাগ কাজী আতিকুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও সংগঠনের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।
পতাকানিউজ/এআই

