বিদ্যমান ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে হাইকমিশনারকে ঢাকায় ডেকে এনে আলোচনা করা হয়। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও মন্ত্রণালয় ত্যাগের সময় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান।
এর আগে সোমবার রাতে জরুরি ভিত্তিতে নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী এবং ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে ঘিরে সাম্প্রতিক সময়ে ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটেই দুই দেশের সম্পর্কের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলার ঘটনাও ঘটে, যার পর কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটে।
এসব ঘটনার জেরে ঢাকায় ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব করা হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। গত দুই সপ্তাহে দুই দেশ পরস্পরের কূটনীতিকদের দুবার করে তলব করে বিভিন্ন ইস্যুতে উদ্বেগ ও প্রতিবাদ জানায়।
সবশেষ গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর কয়েক ঘণ্টা পরই দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। একই দিনে দুই দেশের দূতকে পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে প্রথম বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
পতাকানিউজ/এআই

