২০২৬ সাল থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি এসএসসি পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় এসব কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য মোট ছয়টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এর মধ্যে পাঁচটি কেন্দ্র প্রশাসনিক কারণে এবং একটি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় বাতিল করা হয়েছে।
প্রশাসনিক কারণে বাতিল হওয়া কেন্দ্রগুলো হলো— ঢাকা-৬৯ কেন্দ্র হাজী এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র কোড ৪৯৪), ঢাকা-৭৮ কেন্দ্র হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র কোড ৫৭৮), শিবালয়-২ কেন্দ্র রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র কোড ৫১১), জয়নগর কেন্দ্র জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয় (কেন্দ্র কোড ৩১২) এবং কামারখালী কেন্দ্র কামারখালী উচ্চ বিদ্যালয় (কেন্দ্র কোড ২৬৭)।
এ ছাড়া পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বালিয়াকান্দি-২ কেন্দ্র লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র কোড ৩৬৫) বাতিল করা হয়েছে।
এর আগে পৃথক এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে প্রকাশিত তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বোর্ডকে জানাতে বলা হয়েছে।
পতাকানিউজ/এআই

