আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির বোন মাসুদা হাদি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠি বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আগ্রহের কথা জানান। মানববন্ধনের আয়োজন করেন মাসুদা হাদিকে প্রার্থী করার দাবিতে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা।
মানববন্ধনে মাসুদা হাদি বলেন, ‘এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে বলার মতো কিছু নেই। তবে ইনকিলাব মঞ্চ ও আমাদের পরিবারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত হয়, তাহলে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে আমি প্রস্তুত আছি।’
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালানোর সময় গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ওই ঘটনায় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গুলিতে ওসমান হাদির ব্রেনের স্টেম সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ দেশে আনা হলে ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাঁকে দাফন করা হয়।
ঝালকাঠির মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। তিনি ইনসাফ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছিলেন এবং সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তাঁর কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে।
বক্তারা আরও বলেন, মাসুদা হাদির মধ্যে তারা ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পান। তাই তাঁকে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান তারা। তাদের দাবি, এ আকাঙ্ক্ষা শুধু সমর্থকদের নয়, দেশবাসীরও।
পতাকানিউজ/এআই

