মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। একই সঙ্গে তিনি কাদিয়ানি সম্প্রদায়কে নিষিদ্ধ এবং তাদের অমুসলিম ঘোষণা করে সংসদে বিল আনার দাবিও জানিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব এসব দাবি জানান।
মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘রাসূল (সা.)-এর শান-মান ও মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। তাঁর শানের প্রতি আমাদের ঈমান আনতে হবে। রাসূলের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে আমাদের রক্ত দিতে হবে। বাংলাদেশে কোনো কুলাঙ্গার রাসূলকে গালি দিতে পারবে না। কওমি মাদ্রাসা যত দিন থাকবে, ততদিন এ দেশের মাটিতে রাসূলকে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না।’
তিনি বলেন, তারেক রহমান লন্ডন থেকে এসে মদিনা সনদে দেশ পরিচালনার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, রাসূল (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে।
কাদিয়ানি সম্প্রদায় প্রসঙ্গে হেফাজত মহাসচিব বলেন, কাদিয়ানিদের নিষিদ্ধ করতে হবে। সংসদে বিল এনে তাদের সংখ্যালঘু অমুসলিম হিসেবে ঘোষণা করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ (সা.)-কে খাতামুন নবী বা সর্বশেষ নবী হিসেবে মানতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার হিজাব নিয়ে মন্তব্যের প্রসঙ্গ তুলে সাজিদুর রহমান বলেন, তাকে শুধু কার্যক্রম থেকে বিরত রাখলে হবে না, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ইসলামে নারীকে যে মর্যাদা দেওয়া হয়েছে, তা অন্য কোথাও নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এ দেশে ট্রান্সজেন্ডারদের শিক্ষা চালু করতে দেওয়া হবে না। ঈমান রক্ষায় হিজবুত তওহিদকে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। তার ভাষ্য, ৯২ শতাংশ মুসলিমের দেশে নারীদের হাফপ্যান্ট পরে খেলতে দেওয়া হবে না। ধর্মীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে তাদের মতামত নেওয়ার আহ্বান জানান তিনি।
হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমদ কোরাইশী এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এছাড়া বক্তব্য দেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আহমদ আল কাসেমী, মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারীসহ অনেকে।
সম্মেলনে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
পতাকানিউজ/এএএম/এমএম

