দেশের বেকার সমস্যা নিরসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণেরা নতুন বা বিদ্যমান ব্যবসা পরিচালনার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর অর্ধেক দেওয়া হবে ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক এককালীন অনুদান হিসেবে।
কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলা-মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) থেকে এ কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করা।
ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা মোট ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে ব্যাংকঋণ হিসেবে। বাকি সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে এককালীন অনুদান হিসেবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ অর্থায়নের জন্য উদ্যোক্তাকে কোনো সহায়তামূলক জামানত দিতে হবে না। তবে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা বাধ্যতামূলক।
নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অথবা অনুমোদিত খাতের বাইরে অর্থ ব্যবহার করা হলে অনুদানের সুবিধা বাতিল হতে পারে। সে ক্ষেত্রে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে এবং পরবর্তী সময়ে তা সরকারি পাওনা হিসেবে আদায় করা হবে।
কারা আবেদন করতে পারবেন
কর্মসূচিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তাঁকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একটি বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক ধারণা বা পরিকল্পনা থাকতে হবে।
এর আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, এমন ব্যক্তি এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন না। ঋণখেলাপি ব্যক্তি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরাও এ সুবিধার আওতাভুক্ত হবেন না।
আবেদনে ভুল বা মিথ্যা তথ্য পাওয়া গেলে তা বাতিল করা হবে।
যেসব খাতে মিলবে অর্থায়ন
কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে অর্থায়ন করা হবে।
এ ছাড়া ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর স্টার্টআপ এবং আয় উপযোগী বৈধ উদ্যোগও এ কর্মসূচির আওতায় আসবে।

আবেদন করবেন যেভাবে
কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয় ১৬ সেপ্টেম্বর ২০২৬। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের [অফিশিয়াল ওয়েবসাইট] (https://www.bb.org.bd/), এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদন ফরম নিজ এলাকার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, ওয়ার্ড কাউন্সিলর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নাগরিকত্ব সনদ, ছবি এবং শিক্ষাগত ও প্রশিক্ষণ সনদ (যদি থাকে) জমা দিতে হবে।
-পতাকানিউজ

