বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন বিষয়ে আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার, ২৭ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ‘রবিবার (২৮ ডিসেম্বর) কমিশনে বিষয়টি উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত হবে।’
ইসি সচিব জানান, তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান শনিবার ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারার অধীনে কমিশনের এখতিয়ার রয়েছে যেকোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার যোগ্য নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার।
তিনি জানান, তারা ঢাকা–১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। ‘ফর্ম–২’ পূরণ করে তারা ছবি তুলেছেন, বায়োমেট্রিক ও আইরিশ তথ্য দিয়েছেন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন।
তারেক রহমানের এনআইডি পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলেও তথ্য আপলোড করে ফিঙ্গারপ্রিন্ট, সিগনেচার, ফেস ও আইরিশ মিলিয়ে যাচাই করতে কিছুটা সময় লাগে। যাচাই শেষে নিশ্চিত হলে তাদের এনআইডি নম্বর দেয়া হবে। আশা করছি, আজকের মধ্যেই এটি সম্পন্ন হবে।’
এদিকে আজ, শনিবার বেলা ১২টা ২০ মিনিটে মা জুবাইদা রহমানের সঙ্গে ইটিআই ভবনে আসেন জাইমা রহমান। নিবন্ধন সম্পন্ন করে বেরিয়ে যান পৌনে ১টায়।
পরবর্তীতে ইটিআইতে দুপুর ১টায় আসেন তারেক রহমান । কাজ সম্পন্ন করে তিনি বেরিয়ে যান সোয়া ১টায়। জুবাইদা রহমান এর আগে জুন মাসের দিকে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হন।
পতাকানিউজ/আরবি
পতাকানিউজ/আরবি

