সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পক্ষ থেকে শোকবার্তা হস্তান্তর করেছেন।
বুধবার, ৩১ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এস জয়শঙ্কর। এ সময় তিনি তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ‘গণতন্ত্রের মা’ ও ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে পরিচিত, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। সেই শোকবার্তাই আজ তারেক রহমানের হাতে তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। জানাজা ও শোকানুষ্ঠান শেষে আজ বিকেলেই তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
পতাকানিউজ/এআই

