বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার, ২৯ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য- যেখানে তিনি বলেন, মায়ের অসুস্থতায় দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর জন্য এককভাবে নেওয়া সম্ভব নয়—নিয়ে জানতে চাওয়া হয় সরকারের কোনো বাধা আছে কি না।
প্রেস সচিব জানান, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে। কিন্তু তা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্তের সুযোগ অবারিত নয়।
রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফেরার অপেক্ষার অবসান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

