বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেওয়া বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যম বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করেছে বলে দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
শুক্রবার, ২৬ ডিসেম্বর বাংলাফ্যাক্ট জানায়, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন এবং তা বাস্তবায়নে দেশের সব স্তরের মানুষের সহযোগিতা চান। তবে তিনি ওই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেননি।
বক্তব্যের শুরুতে তারেক রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ ভাষণের কথা স্মরণ করেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’—যা তিনি দেশের মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করতে চান বলে জানান।
তারেক রহমান বলেন, দেশের শান্তি ও মানুষের স্বার্থই তাঁর পরিকল্পনার মূল লক্ষ্য। পুরো বক্তব্যে তিনি কোনো দেশ বা রাষ্ট্রের নাম উল্লেখ করেননি।
তবে এ বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে ভারতের একটি গণমাধ্যম এবিপি আনন্দ শিরোনামে উল্লেখ করে—‘বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা?’। বাংলাফ্যাক্টের মতে, এই শিরোনাম সম্পূর্ণ বিভ্রান্তিকর। কারণ তারেক রহমানের বক্তব্যে ভারত প্রসঙ্গে কোনো মন্তব্য ছিল না।
বাংলাফ্যাক্ট আরও জানায়, প্রতিবেদনের মূল অংশেও ‘ভারত নিয়ে পরিকল্পনা’ শিরোনামের কোনো ব্যাখ্যা বা তথ্য উপস্থাপন করা হয়নি। ফলে এটি অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর শামিল।
পতাকানিউজ/এআই

