বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার, ২৪ ডিসেম্বর দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড হয়ে এয়ারপোর্ট সড়ক, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, পূর্বাচল, এভারকেয়ার হাসপাতাল, এয়ারপোর্ট থেকে বনানী সড়ক, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ সার্কেল, গুলশান নর্থ এভিনিউ হয়ে তার বাসভবন পর্যন্ত পুরো এলাকা।
ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পতাকানিউজ/এআই

