বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
বুধবার, ৩১ ডিসেম্বর বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সহমর্মিতা জানান সরদার আয়াজ সাদিক।
সাক্ষাতের সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এদিকে একই দিন বিকেল ৩টার পর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।
পতাকানিউজ/এআই

